পর্দা উঠেছে এশিয়ান কাপ নারী ফুটবলের। ইতিহাসে প্রথমবার এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকলেও রক্ষণাত্মক হয়ে খেলার মন মানসিকতা নয় বরং নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে নামবে আফঈদা খন্দকাররা।
এএফসি মেয়েদের এশিয়ান কাপে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও চীন। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে লড়াই।
এ ম্যাচকে সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা বলেছেন, ‘চীন খুবই শক্তিশালী এবং সুসংগঠিত দল। এটি অনেকটা ডেভিড এবং গোলাইয়াথের লড়াইয়ের মতো। আমাদের বাস্তববাদী হতে হবে, আমরা এখনও ওদের পর্যায়ে নেই। কিন্তু ফুটবল এক অদ্ভুত খেলা! তবে, ফলাফল যাই হোক, আমরা আমাদের নিজস্ব কৌশলে খেলব। রক্ষণাত্মক হয়ে স্রেফ গোল ঠেকানোর মানসিকতা আমাদের নেই।’
তবে কৌশল বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে কমতি থেকেই গেছে বাংলাদেশের। গত নভেম্বরের ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে চীন। ফল যদিও অনুকূলে আসেনি, দুই ম্যাচে তারা যথাক্রমে ৮-০ ও ৩-২ গোলে হেরেছিল। অন্যদিকে গত ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে ম্যাচের পর আর খেলায় হয়নি বাংলাদেশের।
এ নিয়ে জাতীয় দলের কোচ পিটার বাটলার বলেছেন, ‘আপনি যখন ইংল্যান্ডের সাথে খেলবেন, তখন আপনি বিশ্বের শীর্ষ দুই বা শীর্ষ তিন দলের সাথে খেলছেন। চীন গতিময় ফুটবল খেলে, এরিয়াল ক্রসে প্রতিপক্ষের জন্য হুমকি। ফুটবল রকেট-সাইন্স নয়; যদি আপনি না দৌড়ান বা কাজে না ফিরেন, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। আপনি যদি তাদের খেলার জায়গা দেন, তবে চীন আপনাকে শাস্তি দেবে। আমরা খারাপ দিনে তাদের ধরতে পারি- ফুটবলে অদ্ভুত কিছু ঘটে। আমরা সততা এবং নিষ্ঠার সাথে আমাদের সেরাটা দেব।’







