মুন্সিগঞ্জের মিরকাদিমে বাড়ি থেকে চুরি হওয়ার চার দিন পর দুই মাসের শিশু আযানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু আযান মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় নানা মোহন মিয়ার বাড়িতে থাকতেন। এই ঘটনায় রমিজি বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (২ অক্টবর) সকাল ৬ টার দিকে পাশের বাড়ির জনৈক ফারুকের বাড়ির পেছন থেকে ডোবার মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দুই মাসের শিশু আযানকে ঘরে রেখে তার মা শ্রাবণী বেগম টয়লেটে যান। সে সুযোগে কে বা কারা ঘর থেকে চুরি করে আযানকে। পরে অনেক খোঁজখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশু আযানের মামা মোক্তার হোসেন মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।








