ক্ষোভ থেকে ও সম্পত্তির ভাগ পেতে দিনাজপুরের নবাবগঞ্জে সাত বছরের শিশু শামস্কে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই আমানুল ইসলাম আমান।
রবিবার (১ মার্চ) সকালে দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শনিবার বিকেলে আটক করে রবিবার প্রেস ব্রিফিং এর পর আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী ডাঙাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশী তৎপরতায় বেরিয়ে এসেছে মইনুল ইসলামের ছেলে সিরাজুল আল সামস (৭) কে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই আমানুল ইসলাম আমান(২১)।
দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আমানের জবানবন্দি অনুযায়ী চাচীর প্রতি দীর্ঘদিনের ক্ষোভ এবং চাচার সম্পত্তির লোভ থেকেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আমানের দাবি অনুযায়ী তার চাচী তাকে অবহেলা করতেন, অপরদিকে চাচাতো ভাই সামস ও তার পরিবার ভালোভাবে জীবনযাপন করছিল এ থেকেই তার মধ্যে হিংসা ও বিদ্বেষ তৈরি হয়।
ঘটনার দিন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আমান একটি পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে তার চাচীর বাড়িতে যায়। সেখান থেকে কৌশলে সামসকে বাইরে ডেকে নিয়ে আসে। পরে বাড়ির পাশের একটি মাদ্রাসার কক্ষে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে। নিশ্চিত হওয়ার পর পাশের একটি ভুট্টাক্ষেতে মরদেহ ফেলে রেখে আসে সে।
পরবর্তীতে সামসের মা ছেলেকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে সে বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টাক্ষেত থেকে সামসের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে দ্রুত ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








