আজ ২০ এপ্রিল, ৯ম বর্ষে পদার্পণ করল চ্যানেল আই অনলাইন। দ্রুত এবং সঠিক সংবাদের সমন্বয় করে গত আট বছর পার করেছে চ্যানেল আই অনলাইন।
বিশেষ এই দিনে চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইনের দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠক-দর্শক-পৃষ্ঠপোষকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে চ্যানেল আই অনলাইনের সম্পাদক এবং চ্যানেল আই সংবাদের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন: টেলিভিশনের মতো প্রথমদিন থেকেই সঠিক সংবাদ পরিবেশন করে আসছে চ্যানেল আই অনলাইন। এজন্য সব সংবাদই একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়ে তারপর পাঠক-দর্শকদের জন্য পরিবেশন করা হয়।
‘শুরু থেকেই আমরা মাল্টিমিডিয়া ও ডিজিটাল কন্টেন্টের ওপর গুরুত্ব দিয়েছি। সাম্প্রতিক সময়ে আমাদের ডিজিটাল ও মাল্টিমিডিয়া বিভাগ আরও শক্তিশালী হয়েছে।’
‘বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমও খুব গুরুত্বপূর্ণ। তবে, দায়িত্বশীল মূলধারার সংবাদমাধ্যমের সোশ্যাল প্লাটফর্ম কেমন হবে, সেখানে পাঠক-দর্শকদের জন্য কোন ধরনের কন্টেন্ট দেওয়া হবে, সেটা বুঝতে ভুল করলে গণমাধ্যম তার মূল জায়গা হারিয়ে ফেলবে। চ্যানেল আই সোশ্যাল পরিচালনায় সেই জায়গাটি বুঝেই আমাদের কর্মীরা সংবাদসহ বিভিন্ন কন্টেন্ট তৈরি ও পরিবেশন করছে’, বলেন জাহিদ নেওয়াজ খান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি চ্যানেল আই পরিবারের সব সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
২০১৫ সালের ২০ এপ্রিল চ্যানেল আই কার্যালয়ে চ্যানেল আই অনলাইন-এর উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে অতিথি ছিলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের পরিচালক ফ্র্যান আনস্ওয়ার্থ।






