ভারতের আপত্তির মুখে বদলে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের অনেককিছু। নিরাপত্তার কথা বলে পাকিস্তানে খেলতে না চাওয়া ভারত খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। তাতে বাড়তি সুবিধা পাচ্ছে বলে শুরু হয় আলোচনা-সমালোচনা। দলটির কোচ গৌতম গম্ভীর অবশ্য বলছেন, ভারত কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না।
‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত গ্রুপপর্বের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেমি ও ফাইনালে উঠলে তারা একই ভেন্যুতে খেলবে, নির্ধারিত ছিল আগেই। প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালেও পৌঁছে গেছে রোহিত শর্মার দল। ভারত থাকায় লাহোরের পরিবর্তে ৯ মার্চের ফাইনাল হবে দুবাইতে।
ফাইনালে ওঠার পর এ নিয়ে প্রশ্ন যায় গম্ভীরের দিকে। উত্তরে রেখে গেছেন দলটির কোচ। বলেছেন ‘এই ভেন্যু আমাদের জন্য যতটা নিরপেক্ষ, অন্য যেকোনো দলের জন্যও ততটাই নিরপেক্ষ। শেষ কবে এখানে খেলেছি, তা আমার মনে নেই।’
‘আমি মানুষের সমালোচনা গায়ে মাখি না। তারা কী বলল সেটা নিয়ে মাথা ঘামাই না। দুবাই আমাদের জন্যও নিরপেক্ষ ভেন্যু। আমরা এখানে এতবেশি খেলিনি। পাকিস্তানে খেলা হলেও আমরা বেশি স্পিনার নিতাম। অনেকেই বলছে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। আমি এসব দেখি না।’
‘আমরা এখানে একদিনও অনুশীলন করিনি, আইসিসির একাডেমিতে করেছি। ওখানকার কন্ডিশন আর এখানকার কন্ডিশন ১৮০ ডিগ্রি তফাৎ। কিছু মানুষ সবসময় অভিযোগ করতেই ভালোবাসে। আসলে তাদের উচিত বড় হওয়া। তাই মনে করি না যে আমাদের কোনো অতিরিক্ত সুবিধা ছিল।’
সেমিতে হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের দিকেও একই বিষয়ে প্রশ্ন যায়। স্মিথ বলেছেন, ‘হ্যাঁ, দেখুন, আমি এতে আগ্রহী নই। আমার মনে হয় এটাই সত্যি। এই পিচ ওদের খেলার স্টাইলের সঙ্গে মানানসই। তবে বাস্তবতা হচ্ছে ওরা আমাদের বিধ্বস্ত করেছে। জয়টা ভারতের প্রাপ্য ছিল।’








