ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতিকে তফসিল সংক্রান্ত অগ্রগতি জানাতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পাঁচ সদস্য।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় কমিশনাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। এরপর সকাল ১১টা ৪০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তারা বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন। দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে, যা তফসিল ঘোষণার আগে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা।
৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দায়িত্ব পাওয়া নাসির কমিশন এবার প্রথমবারের মতো বড় নির্বাচনী আয়োজন করতে যাচ্ছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করার পর জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। ধারণা করা হচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে সব প্রস্তুতি রাষ্ট্রপতিকে জানিয়ে থাকে নির্বাচন কমিশন। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে ভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সেই ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। তফসিল আজ সন্ধ্যায় বা বৃহস্পতিবার ঘোষণা হতে পারে। ইতোমধ্যে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আসন্ন নির্বাচনে নতুন করে যুক্ত হয়েছে পোস্টাল ভোটিং ব্যবস্থা। পাশাপাশি গণভোটে প্রবাসী নিবন্ধিত ভোটাররাও ভোট দিতে পারবেন।
এ ছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করে সার্বিক অগ্রগতি উপস্থাপন করেছে ইসি।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের অন্যান্য সদস্য হলেন, আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আখতার আহমেদ।








