প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা চেলসি কারাবাও কাপে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব কার্ডিফ সিটিকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে। আলেজান্দ্রো গার্নাচোর জোড়া গোলে ৩-১এ জয় পেয়েছে ব্লুজরা। ওয়েলস ভিত্তিক ক্লাব কার্ডিফ একটা সময় প্রিমিয়ার লিগে মাঠ মাতিয়েছে। কারাবাও কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে এনজো মারেস্কার চেলসি শিষ্যরা।
মঙ্গলবার রাতে কার্ডিফের মাঠে সমানতালে লড়াই করে দুদল। ব্লুজদের হয়ে জোড়া গোল করেন আলেজান্দ্রো গার্নাচো এবং একটি গোল করেন পেদ্রো নেতো। কার্ডিফের একমাত্র গোলটি করেন ডেভিড টার্নবুল।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল। আক্রমণ পাল্টা আক্রমণ ঠেকিয়ে দেয় দুদলের রক্ষণ এবং গোলরক্ষক।
বিরতিতে থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে ফাকুন্দো বুওনানোত্তের অ্যাসিস্টে ব্লুজদের লিড এনে দেন গার্নাচো। ৭৫ মিনিটে প্যারির পাসে ম্যাচে সমতা ফেরান টার্নবুল। ৮২ মিনিটে আন্দ্রে সান্তোসের পাসে নেতোর গোলে আবারও লিড পায় চেলসি।
ম্যাচের ৯০ মিনিট শেষ হলে যোগ করা সময়ে জোয়াও পেদ্রোর থ্রুতে নিজের দ্বিতীয় গোলটি করেন গার্নাচো। ৩-১ গোলের জয় নিয়ে কারাবাও কাপে সেমির টিকিট কাটে ক্লাব বিশ্বচ্যাম্পিয়নরা।








