১৩টি দেশ ভ্রমণে কঠোর সতর্কতা জারি করেছে কানাডা সরকার। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ায় দেশটির সরকার নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করেছে।
গ্লোবাল এফেয়ার্স কানাডা (জিএসি) জানিয়েছে, বর্তমানে অঞ্চলে নিবন্ধিত অবস্থায় রয়েছেন ৮৫ হাজারেরও বেশি কানাডিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা। পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।কানাডা সরকার ইরান, ইসরায়েল, বাহরাইন, ইরাক, কুয়েত, লেবানন, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনে যেতে সতর্কতা জারি করেছে।
এছাড়াও জর্ডান, ওমান এবং সৌদি আরব অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।
জিএসি সতর্ক করেছে, সক্রিয় সংঘাত চলাকালে কনস্যুলার সেবা সীমিত থাকতে পারে। তাই মধ্যপ্রাচ্যে অবস্থানরত কানাডিয়ানদের নিজস্ব বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইনে নিবন্ধনের মাধ্যমে নিয়মিত আপডেট নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই ভ্রমণের আগে সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ নির্দেশনা যাচাই করা জরুরি বলে মনে করছেন তাঁরা।
বিশেষজ্ঞরা বলছেন, চলমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে ভ্রমণপিপাসু পর্যটকদের সরাকারের নির্দেশনা মেনে চলা উচিত।







