ইশতেহারে ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বাস্তবে প্রয়োগের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর পান্থপথে সেল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সৎ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন, দুর্নীতির রাহুগ্রাস থেকে দেশকে মুক্ত করা না গেলে জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ বৃথা যাবে।
সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং রাজনৈতিক সদিচ্ছার বাস্তব প্রতিফলন ঘটানোর ওপর জোর দেওয়া হয়।








