আফ্রিকা কাপ অব নেশনসে বিতর্ক, উত্তেজনা আর নানা নাটকীয়তার ফাইনালে ১-০ গোলে স্বাগতিক মরক্কোকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। দুই মাস পর ফাইনালের ফলাফল পাল্টে মরক্কোকে সিএএফের নতুন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। সিএএফের এমন সিদ্ধান্তের পরও ফ্রান্সে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শিরোপা উদযাপন করেছে দলটি।
সেনেগাল শনিবার হাজার হাজার সমর্থকদের সামনে আফ্রিকা কাপ অফ নেশনস শিরোপা নিয়ে শোভাযাত্রা করেছে। স্টেড ডি ফ্রান্সে পেরুর বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে অধিনায়ক কালিদু কৌলিবালির নেতৃত্বে সেনেগালের খেলোয়াড়রা ম্যাচ-পূর্ব উদযাপনের অংশ হিসেবে ট্রফি নিয়ে মাঠে নেমেছিলেন।
প্যারিসে উল্লেখযোগ্য সংখ্যক সেনেগালিজ প্রবাসী রয়েছে। সেজন্য সেনেগালের ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করেছিল যে, তারা প্যারিসের উপশহর সেইন্ট ডেনিসে খেলার আগে তাদের সমর্থকদের উদ্দেশে শিরোপা প্রদর্শন করবে।
সম্প্রতি ফ্রান্সের রাজধানীতে সেনেগালের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুলায়ে ফল বলেছিলেন, ফুটবলের ইতিহাসে সেনেগাল ‘সবচেয়ে জঘন্য ও অন্যায্য প্রশাসনিক ডাকাতির’ শিকার হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, দেশটি সুইজারল্যান্ড-ভিত্তিক কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এ তার খেলোয়াড়দের সম্মান রক্ষা করবে।
মরক্কোর ফুটবল অ্যাসোসিয়েশনের আপিলের প্রেক্ষিতে, সিএএফ পরবর্তীতে রায় দেয় যে সেনেগাল ম্যাচটি ওয়াকওভার দিয়েছে। তাই ম্যাচের ফলাফল মরক্কোর পক্ষে ৩-০ নথিভুক্ত করা হয়েছে। সেই সিদ্ধান্তের বিপরীতে সেনেগাল সিএএসের কাছে আপিল করেছে এবং শিরোপা পুনরুদ্ধারের আশা করছে। আপিল বোর্ডের সিদ্ধান্ত এমন সেনেগাল ফাইনালে ‘ওয়াকওভার’ দেয়ায় অতিরিক্ত সময়ের ১-০ গোলের জয়টি মরক্কোর জন্য ৩-০ গোলের ওয়াকওভার জয় হিসেবে গণ্য হবে।


