বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী দলের দুই প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা ও পিটার জেমস বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্যাবরেরার সঙ্গে প্রায় দেড় বছর এবং পিটারের সঙ্গে দুই বছরের চুক্তি বর্ধিত করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত পুরুষ ফুটবল দলের ডাগআউটে থাকবেন ক্যাবরেরা। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত নারী ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পিটার।
২০২২ সালে জামাল ভূঁইয়াদের কোচ হিসেবে যোগ দেন ক্যাবরেরা। কয়েক দফায় চুক্তি বাড়িয়ে থেকে যান। গত ৩১ ডিসেম্বর ৪০ বর্ষী কোচের সঙ্গে বাফুফের সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচ পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করবেন কাবরেরা।
আগামী মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে ২০২৬ সালের ৩১ মার্চ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হংকং। স্প্যানিশ কোচের হাত ধরে গত সাফ চ্যাম্পিয়নশিপে ১৪ বছর পর সেমিফাইনালে খেলেছিল লাল-সবুজের দল।
২০২৩ সালে বাফুফের এলিট একাডেমির দায়িত্ব নেয়া পিটার গত সেপ্টেম্বরে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ছয় মাস আগে নারী দলের কোচ হন। ইংলিশ এই কোচের অধীনে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা নিজেদের করে নেয় সাবিনা-সানজিদারা।








