ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে এসে সমতায় ফিরতে মরিয়া ছিল বাংলাদেশ। সেসময় ফয়সাল আহমেদ ফাহিম দারুণভাবে বল নিয়ে ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষ বক্সে। সিঙ্গাপুরের মিডফিল্ডার ইরফান নাজিব সেই বল বিপদমুক্ত করতে গিয়ে প্রথমে পেছন থেকে হাত দিয়ে টান দেন, শেষে সামনে পা বাড়িয়ে ফাউলই করে বসেন ফাহিমকে। ভিডিওতে তা ধরা পড়লেও রেফারির চোখে পড়েনি। বাংলাদেশের ফুটবলাররা পেনাল্টির আবেদন জানিয়েও কোন সুফল পাননি। ম্যাচ শেষে সেটি এখন আলোচনার তুঙ্গে।
বক্সের ভেতর এমন ফাউলের ক্ষেত্রে রেফারি সরাসরি পেনাল্টি কিকের বাঁশি বাজান। কিন্তু বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের রেফারি সেটা এড়িয়ে গেছেন। শেষপর্যন্ত ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
রেফারি কেন পেনাল্টি দেননি, এবিষয়ে বাংলাদেশ কোচই বা কী মনে করছেন, ম্যাচ শেষে এমন প্রশ্নে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘ফাহিমকে যে ফাউলটা করা হয়েছে, পেনাল্টিটা আমি দেখিনি। তবে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার পেনাল্টি ছিল। তখন আমরা পুরোদমে আক্রমণে আছি। ফুল প্রেশারে খেলছিলাম, প্রথম গোলটা করার পর। যদি পেনাল্টিটা হতো, ২-২ হতো। আমি যদি ভুল না করে থাকি, ম্যাচটা অন্তত ২-২ শেষ করার সুযোগ আসত। কেন পেনাল্টি হয়নি আমি জানি না।’
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিক কোচকে সরাসরি প্রশ্ন করেন, ‘কোচের কৌশলের ভুল নাকি খেলোয়াড়দের ব্যর্থতা, কোনটা ম্যাচের হারের কারণ? সরাসরি উত্তর দিন।’
সোজাসাপ্টা প্রশ্ন হলেও কোচ উত্তর এড়িয়ে গেছেন। স্পেনিয়ার্ড ক্যাবরেরা বলেছেন, ‘দুটি সমশক্তির দলের মধ্যে টাইট ম্যাচ হয়েছে। ফুটবলে এটা হতেই পারে।’








