টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে টসে জিতেও আগে ভারতকে ব্যাটে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। এরপর ওপেনার সাঞ্জু স্যামসনের সহজ ক্যাচ ফেলেছেন তিনি। সেই স্যামসন খেলেছেন ম্যাচজয়ী ইনিংস, হয়েছেন ম্যাচসেরা। ক্যাচে এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।
ভারতের ইনিংসের তৃতীয় ওভার, বলে ছিলেন জফরা আর্চার। ৬ বলে ১৫ রানে ব্যাটে স্যামসন। আর্চারের বলে মিড উইকেটে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন ব্রুকের দিকে। সহজ ক্যাচটি ফেলে দিয়ে মূলত ম্যাচই হাতছাড়া করে বসেন ইংলিশ অধিনায়ক। ২৫৪ রানের লক্ষ্যে ব্যাটে নেমে পরে ইংল্যান্ড হারে মাত্র ৭ রানে।
পরে ব্রুক বলেছেন, ‘হাত উঁচু করে বলব যে, স্যামসনের ক্যাচ হাতছাড়া করে ভুল করেছি। ক্যাচ দিয়ে ম্যাচ জেতা যায়, তাই না? দুর্ভাগ্যবশত, এটা আমার হাতে থাকেনি।’
‘স্পষ্টতই, এটা মনের ভেতরে ছিল। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে ছিলাম আর দেখছিলাম সে রানের পাহাড় তৈরি করছে। ভাবছিলাম, আজ রাতে আমাকে ৮৯ রান করতে হবে।’
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নেমে ভারত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৫৩ তুলেছিল। জবাবে ৭ উইকেটে ২৪৬ রানে যেতে পারে ইংলিশদের ইনিংস। ভারত ওপেনার স্যামসন আউট হওয়ার আগে ৮ চার ও ৭ ছক্কায় ৪২ বলে ৮৯ রান করে যান।







