তুরস্কের ফুটবলে জুয়া কেলেঙ্কারির পর একই ইস্যুতে আলোচনায় ইংলিশ ফুটবল। ৬০০ মিলিয়ন পাউন্ড বাজারমূল্যের জুয়া সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ উঠেছে ইংল্যান্ডের ক্লাব ব্রাইটনের প্রধান মালিক ও চেয়ারম্যান টনি ব্লুমের বিরুদ্ধে। যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার কোটি।
অভিযুক্ত জুয়ার সংস্থাটি পরিচিত ‘স্টারলিজার্ড বেটিং সিন্ডিকেট’ নামে। যাদের বার্ষিক আয় আকাশছোঁয়া। সংবাদমাধ্যমে আসা নথিতে দেখা গেছে, বাজি খেলানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা ফুটবলার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের ব্যাংক হিসেব।
দেশটির উচ্চ আদালতে দাখিল করা ১৯ পাতার নথি অনুযায়ী, এটি ব্লুম ও তার প্রাক্তন সহযোগী রায়ান ডাডফিল্ডের মধ্যে চলমান বিরোধের অংশ হিসেবে ফাঁস করা হয়েছে।
তাদের আইনজীবীরা দাবি করেছেন, বাজি থেকে প্রাপ্ত লভ্যাংশ হিসেবে প্রায় ১৯০ মিলিয়ন পাউন্ড পাওনার জন্য দুজনে এই দ্বন্দ্বে জড়িয়েছেন।
ব্রাইটনের চেয়ারম্যান টনি ব্লুম বিশ্বের সবচেয়ে সফল জুয়া খেলোয়াড়দের মধ্যে একজন। এ ধরনের কর্মকাণ্ড থেকে তার সবচেয়ে বেশি আয়। ২০০৯ সালে ব্রাইটনের চেয়ারম্যান হন ও ৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে ক্লাবটিতে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করেন। ব্রাইটনের এমেক্স স্টেডিয়ামের উন্নয়ন কাজেও যা ব্যবহার করা হয়েছে।








