হাটুর চোটে পড়ে বিশ্বকাপের সাথে পুরো মৌসুম শেষ হয়ে গেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের। প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে হবে এ তারকাকে। এতে বেশ কষ্ট পেয়েছেন ব্রাজিলের আরেক তারকা নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যমে রদ্রিগোর প্রতি সমবেদনা জানিয়েছেন। সমবেদনা জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
২০২৩ সাল থেকে চোটে ভুগতে থাকা নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমার দশ নাম্বার, উত্তরাধিকারী (আমি তোমাকে যেমন ডাকি), আমি তোমার কাছে কেবল একটি জিনিস চাই। তোমার মাথা ঠিক রেখো। এখন তোমার প্রিয় সবাইকে চারপাশে রাখার সময়।’
‘তুমি যেমন আমাকে বলেছিলে, এখন তুমি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার অবস্থায় ছিলে না। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা নিয়ে সন্দেহ করার আমরা কে? আমি নিশ্চিত তুমি তোমার সেরা অবস্থায় ফিরে আসবে। আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমাকে যতটা সমর্থন দিয়েছো, আমি তোমার জন্য সবসময় থাকব।’
২৫ বর্ষী রদ্রিগোর চোটে সমবেদনা জানিয়েছে ব্রাজিল ফেডারেশন। তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘স্প্যানিশ লিগে গেতাফের বিপক্ষে ম্যাচ চলাকালীন গুরুতর চোট পাওয়া রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলিয়ান জাতীয় দলের ফরোয়ার্ড রদ্রিগোর প্রতি সিবিএফ সংহতি প্রকাশ করেছে।’
রদ্রিগো ডান হাটুতে অ্যান্টিরিওর ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাস চোটে পড়েছেন। রিয়াল মাদ্রিদ মেডিকেল টিম রদ্রিগোর উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তার ডান পায়ের অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং পার্শ্বীয় মেনিস্কাস ফেটে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে।

