বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে হোঁচট খেয়েছে ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে। দলে ছিলেন না নেইমার। তাতে বেশ সমালোচনার মুখে থাকলেও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে সতীর্থদের এখনও ভরসা আছে নেইমারের উপর।
যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে ১৯৯৮ ও ২০১৮ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল করেন কাইলিয়ান এমবাপে ও হুগো একিতিকে। ব্রাজিলের গোলটি ব্রেমারের। ফরাসিরা দ্বিতীয় গোলটি করার সাথে সাথেই ব্রাজিলীয় দর্শকরা অনুপস্থিত নেইমারের নামে স্লোগান দিতে শুরু করেন গ্যালারিতে। পরে কোচের দিকে সাংবাদিকদের প্রশ্নও যায় এ প্রসঙ্গে।
দর্শকদের স্লোগানের বিষয়ে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমাদের তাদের নিয়ে কথা বলা উচিত যারা এখানে ছিল, খেলেছে, নিজেদের সর্বস্ব দিয়েছে, এগিয়ে এসেছে এবং কঠোর পরিশ্রম করেছে। আমি তাদের নিয়ে সন্তুষ্ট। ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে একটি জায়গার জন্য অনেক প্রতিযোগিতা হয়।’
মিডফিল্ডার কাসেমিরোর এখনও নেইমারের উপর যথেষ্ট আস্থা আছে। ম্যাচের পর তিনি বলেছেন ‘নেইমারের কী গুণ আছে আমরা জানি। যেকোনো জাতীয় দলের জন্য সে অপরিহার্য। বিশেষ করে যখন ফর্মে থাকে। আমার প্রজন্মে সে শীর্ষ তিনজনের মধ্যে একজন- ক্রিস্টিয়ানো, মেসি এবং নেইমার। আমি তার ঘনিষ্ঠ বন্ধু। তবে তারা কাকে দলে নেবে, সে সিদ্ধান্ত নেয়ার অধিকার আমার নেই।’
শেষঅবধি নেইমার বিশ্বকাপ দলে জায়গা পাবেন কিনা নির্ভর করবে ফিটনেসের উপর। আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, ১০০ শতাংশ ফিট না থাকলে জায়গা পাওয়া যাবে না। সম্প্রতি চোট থেকে ফিরে নেইমার সান্তোসে নিজেকে প্রস্তুত করছেন বিশ্বকাপে চোখ রেখে।








