চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স দুদলই সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে ছিল। নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল। লড়াইয়ে চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে রংপুর।
অ্যাডাম রসিংটনের ফিফটি ও হাসান নাওয়াজের ৪৬ রানে ভর করে রাইডার্সের সামনে ১৭০ রানের লক্ষ্য দাঁড় করেছিল রয়্যালস। কাইল মেয়ার্সের ফিফটি ও মাহমুদউল্লাহ রিয়াদের ৩০ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটে পাঠায় রংপুর। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৬৯ রান করে চট্টগ্রাম। জবাবে ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নুরুল হাসান সোহানের দল। টানা তৃতীয় জয় ও সবমিলিয়ে ৫ ম্যাচে চার জয়ে টেবিল শীর্ষে রংপুর। ৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আছে দুইয়ে।
তাড়ায় নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় লিটন দাসের দল। ৮ বলে ১০ রান করে যান লিটন। দ্বিতীয় উইকেটে ৬১ রান যোগ করেন কাইল মেয়ার্স ও ডেভিড মালান। দলীয় ৮০ রানে মেয়ার্স ফিরলে জুটি ভাঙে। ৫ চার ও ৪ ছক্কায় ২৫ বলে ৫০ রান করেন ক্যারিবিয়ান তারকা। ১১১ রানে তাওহীদ হৃদয় ফেরেন, ১৫ বলে ১৭ রান করে।
১১৭ রানে চতুর্থ উইকেট হারায় রংপুর। মালান ফেরেন ৩০ বলে ৩০ রান করে। জয় থেকে খানিকটা দূরে থাকতে পঞ্চম উইকেট হরায় তারা। ১২ বলে ২২ রানে ফেরেন খুশদিল শাহ। পরে নুরুল হাসান সোহানকে নিয়ে জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ৩০ রান করেন রিয়াদ। সোহান ৪ বলে ৩ রান করেন।
চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ৩ উইকেট নেন। আবু হায়দার রনি ও আমের জামাল নেন একটি করে উইকেট।
এর আগে চট্টগ্রাম ব্যাটারদের মধ্যে ৬ চার ও ২ ছক্কায় ৪১ বলে ৫৮ রান করেন অ্যাডাম রসিংটন। ২ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৪৬ রান করেন হাসান নাওয়াজ। আমের জামাল ১৯ ও নাঈম শেখ ১৬ রান করেন।
রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ দুটি করে উইকেট নেন।








