আগামী ডিসেম্বরে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট সামনে রেখে রোববার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতসহ ৭ ক্রিকেটার।
চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে বিসিবি প্রকাশিত চূড়ান্ত তালিকা। সেখানে নাম নেই জাতীয় দলের এই দুই ক্রিকেটারের। এছাড়া আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, মিজানুর রহমান, নিহাদুজ্জামান ও সানজামুল ইসলামের নাম বাদ পড়েছে।
বিসিবি জানিয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের নাম নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। প্রাথমিক তালিকায় মোসাদ্দেক ও বিজয়ের নাম ছিল ‘সি’ ক্যাটাগরিতে, এই ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্য ২২ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন আলাউদ্দিন বাবু, ভিত্তিমূল্য ১৮ লাখ টাকা।
‘ই’ ক্যাটাগরিতে ছিলেন নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম। তাদের ভিত্তিমূল্য ছিল ১৪ লাখ টাকা। এফ ক্যাটাগরিতে ছিলেন শফিউল ইসলাম ও মিজানুর রহমান।
বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম এবং মিজানুর রহমান। চারজনই বাদ পড়লেন। মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। নিহাদুজ্জামান খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।
এছাড়া নিলামের চূড়ান্ত তালিকা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম সরিয়ে নিয়েছেন শামসুর রহমান।








