চট্টগ্রাম থেকে: বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জয়রথ থামাতে পারছে না কেউ। টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডমিনেটরসকে তারা হারিয়েছে ৫ উইকেটে।
ঢাকা পর্বে টানা চার ম্যাচ জিতে চট্টগ্রাম আসে মাশরাফীর দল। বন্দরনগরীতে প্রথম ম্যাচে লো-স্কোরিং খেলায় অসাধারণ জয় তুলে নেয়। ঢাকার দেয়া ১২৯ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে টপকায়। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। সালমান ইরশাদের ১৯তম ওভারে ১৮ রান তুলে নেন থিসারা পেরেরা ও আকবর আলী মিলে। পরের ওভারে সৌম্য সরকারকে ছক্কা মেরে খেলা শেষ করেন পেরেরা।
শ্রীলঙ্কান অলরাউন্ডার ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন। আকবর ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে আসে ২৯ রান।
সহজ লক্ষ্যে সহজেই আগাচ্ছিল সিলেট। দ্রুত কয়েকটি উইকেট হারালে কিছুটা চাপ তৈরি হয়। মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত ৮ ওভারে ৫২ রানের ওপেনিং জুটি গড়েন। নাসির হোসেনের করা নবম ওভারে সাজঘরে ফেরেন দুজনই।
৩২ বলে ৪৪ রান করেন হারিস। শান্ত করেন ২০ বলে ১২ রান। জাকির হাসান ১ রান করে ফিরলে ম্যাচে ফেরে ঢাকা। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে মুশফিক এগিয়ে নেন দলকে। তাসকিন আহমেদ ও আরাফাত সানি নেন একটি করে উইকেট।
চার ম্যাচ পর সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার সুযোগ পান রুবেল হোসেন। বল হাতে প্রথম বলেই তুলে নেন সৌম্যর উইকেট। বিপিএল অভিষেক রাঙাতে পারেননি ঢাকার আরেক ব্যাটার রবিন দাসও।
পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমের প্রথম বলেই হন বোল্ড। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিনের শুরুটা হল হতাশার। তিন ম্যাচ পর একাদশে সুযোগ পেয়ে প্রমাণ করতে পারেননি নিজেকে।
টস জিতে ব্যাট করতে নেমে সিলেটের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নাসির।








