চট্টগ্রাম থেকে: বিপিএলের মাঝপথে ঢাকা ডমিনেটরসের একাদশে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। জহুর আহমদে চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নেমেছেন তিনি। গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন। টস জিতে আগে বোলিং বেছে নিয়েছে ঢাকা।
‘ম্যাচ খেলার সুযোগ দিতে হবে’ বাংলাদেশের লেগ স্পিনারদের ঘিরে এই আপ্তবাক্যটি বেশ পুরনো। সবাই কথাটি বললেও সাহস দেখায় না কেউ। যে কারণে হারিয়ে যাচ্ছেন অনেক লেগিই।
স্থানীয়দের মধ্যে বিপিএলে দল পাওয়া একমাত্র লেগ স্পিনার জুবায়ের। আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ হোসেন, মিনহাজুল আফ্রিদিরা দল পাননি। জুবায়েরকে ড্রাফট থেকে নেয়নি কেউ। পরে নাসির হোসেনের ঢাকায় সুযোগ হয় বাংলাদেশের হয়ে টেস্ট ও টি-টুয়েন্টি খেলা জুবায়েরের।
জুবায়ের ম্যাচ খেলার সুযোগ আসে খুব কমই। স্বীকৃত পর্যায়ের ম্যাচে বিরতি দিন মাস পেরিয়ে বছরও পড়ে যায়। সুযোগটা লুফে নিতে না পারলে আবারও দীর্ঘ হবে অপেক্ষা।








