ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫-১ গোলে হার দেখেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে জয়ের পর হেরেছে অধিনায়ক রাহবার ওয়াহেদ খানের দল।
ব্যাংককের ননথাবুড়ি স্টেডিয়ামে পাকিস্তানের হয়ে জোড়া গোল করেন আলি আঘা ও জাইদউল্লাহ খান, একটি গোল করেন সালার আহমেদ খান। বাংলাদেশের হয়ে এক মাত্র গোলটি করেন ফায়েদ আজিম। পাকিস্তানের মুহাম্মদ হাসান জাফর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
ম্যাচের ১৮ মিনিটে আলীর গোলে লিড পায় পাকিস্তান। ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে ব্যবধান দিগুণ করেন জাইদ। ৩৬ মিনিটে ব্যবধান কমান ফায়েদ। তবে ৩৭ মিনিটে সালার গোল ব্যবধান হয় ৩-১। ৪০ মিনিটে আলি দ্বিতীয় গোলটি করেন। কয়েক সেকেন্ড ব্যবধানে জাইদ বাংলাদেশ জালে বল পাঠান। পরে ৫-১ গোলে জিতে মাঠ ছাড়ে পাকিস্তান।








