বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বকনিষ্ঠ অজি ওপেনার হিসেবে অভিষেক হয়েছে স্যাম কনস্টাসের। অভিষেকে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ১৯ বর্ষী ডানহাতি ব্যাটার। সেই সুবাদে প্রথমদিনের শুরুটা অস্ট্রেলিয়াও দারুণ করে। তবে তৃতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে ভারত। শেষ বিকেলে দ্রুত উইকেট তুলে দিনের খেলা শেষ করেছে রোহিত শর্মার দল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। নেমে ৮৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।
অজিদের ভালো শুরু এনে দেন অভিষিক্ত কনস্টাস ও উসমান খাজা। অভিষেক ইনিংসে ৫২ বলে অর্ধশতক হাঁকিয়ে আলো কেড়েছেন কনস্টাস। কোহলির ধাক্কা এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের পরের ওভারে জাসপ্রীত বুমরাহর উপর চড়াও হয়ে দুই চার ও এক ছয় মেরে জাত চেনান তিনি।
৮৯ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। জাদেজার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৬৫ বলে ৬ চার ও ২ ছয়ে ৬০ রান করে যান কনস্টাস। আরেক ওপেনার উসমান খাজাও তুলে নেন ফিফটি। তার ব্যাটে আসে ১২১ বলে ৫৭ রান।
তৃতীয় উইকেট জুটিতে দারুণ খেলছিলেন মার্নাস লাবুশেন আর স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়াকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন। লাবুশেন অর্ধশতক পূর্ণ করে শতকের দিকে এগোন। বড় শট খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ব্যাটে আসে ১৭৫ বলে ৭২ রান।
এরপরই স্বাগতিকদের ব্যাটিংয়ে নামে ধস। শূন্য রানে ট্র্যাভিস হেড ও ৪ রানে মিচেল মার্শকে ফেরান বুমরাহ। ষষ্ঠ উইকেট জুটিতে অ্যালেক্স ক্যারিকে নিয়ে পরিস্থিতি সামাল দেন স্টিভেন স্মিথ। তিনশ রানে পা রাখার আগে ষষ্ঠ উইকেট হারায় অজিরা। ৪১ বলে এক ছয়ে ৩১ রান করে সাজঘরের পথ ধরেন ক্যারি। পরে অধিনায়ক কামিন্সকে নিয়ে দিন কাটিয়ে দেন স্মিথ। ১৭ বলে ৮ রানে ব্যাট করছেন কামিন্স। স্মিথ ১১১ বলে ৫ চার ও এক ছয়ে ৬৮ রানে অপরাজিত আছেন।
২১ ওভারে সাত মেডেনসহ ৭৫ রানের খরচায় ৩ উইকেট শিকার করেছেন বুমরাহ। আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন।








