বলিউডের শাহরুখ খানকে ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয় এবং তিনিই একমাত্র অভিনেতা যিনি বিশ্বব্যাপী বিলিয়নিয়র ক্লাবের অংশ।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুসারে, কিং খানের মোট সম্পদের পরিমাণ ১২,৪৯০ কোটি টাকা (প্রায় ১.৪ বিলিয়ন ডলার)। শাহরুখ কেবল তার সিনেমা থেকে নয়, অন্যান্য ব্যবসা থেকেও মোটা অংকের টাকা আয় করেন। সেলিব্রিটি ওয়েলথ ম্যানেজার দীপক হিরু ভাজিরানি সম্প্রতি শাহরুখ খানের সম্পত্তি নিয়ে কথা বলেছেন।
শরণ হেগড়ের সঙ্গে সাম্প্রতিক এক কথোপকথনে দীপক শাহরুখ খানের সম্পত্তি নিয়ে আলোচনা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে, শাহরুখ খানের সাফল্য কোন অপ্রত্যাশিত ঘটনা নয়। তিনি একজন ব্যবসায়ী এবং অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান। কিং খান ব্যবসা বোঝেন।
সেলিব্রিটি ফিনান্সিয়াল ম্যানেজার দীপক ব্যাখ্যা করেন যে, তিনি নিজে কখনো শাহরুখের ফিনান্সিয়াল ম্যানেজ করেননি। তবে ভবিষ্যতে কখনো সেই দায়িত্ব পাওয়ার আশা রাখেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, শাহরুখ খান সঠিক জায়গায় বিনিয়োগ করেন। দীপক বলেন, ‘আমার এখনও মনে আছে শাহরুখ খান তার বাংলো, মান্নাত, ১৮ কোটি টাকায় কিনেছিলেন। আজ, এর দাম ৩০০ কোটি টাকারও বেশি।’
দীপক আরও ব্যাখ্যা করেছেন যে, শাহরুখ খানের আইপিএল দল কেকেআর এখন তার ক্রয়ের সময়ের তুলনায় ৪০ থেকে ৫০ গুণ বেশি দামি। ম্যানেজার বলেন, ‘বিভিন্ন সেক্টরে তার বিনিয়োগ ছড়িয়ে আছে। এই কারণেই ধনী ব্যক্তিরা আরও ধনী, কারণ তাদের আয়ের একাধিক উৎস। একজন সাধারণ মানুষ হিসেবে, আমার কাছে এত সম্পদ নেই, আমার কাছে এত টাকা নেই, তাই আমি আমার চাকরিতে আটকে আছি।’
শাহরুখ খানকে ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি যে বাংলো মান্নাত একসময় ১৮ কোটি টাকায় কিনেছিলেন তার দাম এখন ৩০০ কোটি টাকারও বেশি। বর্তমানে সেই বাংলোতে সংস্কারের কাজ চলছে।
মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর মান্নাতে আরও দুটি তলা যুক্ত করা হবে। এটিকে ছয় তলা ভবনে পরিণত করার কাজ চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এই সংস্কারে ২৫ কোটি টাকারও বেশি খরচ হচ্ছে।- ইন্ডিয়ান এক্সপ্রেস







