রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সোমবার থেকে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা বর্ষা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি ক্ষোভ প্রকাশও করেছেন এ অভিনেত্রী।
সোমবার (২১ জুলাই) দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বর্ষা নিজের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে জানান দেন শোক ও সমবেদনা। কালো রঙের ছবিতে লেখা ছিল- মাইলস্টোন শিশুদের জন্য।
প্রোফাইল পিকচার পরিবর্তন করার পাশাপাশি ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন অভিনেত্রী। তাতে লেখা, পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই সেখানেই অনেক গরম। আবার ঠাণ্ডা যেখানে বেশি, সেখানে ঠাণ্ডা নেই। কিছু দিন পর পর দেখা যাচ্ছে যে, বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন! ওই দুর্ঘটনাগুলো অন্য রকম কিন্তু আজকে এই আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এই অবস্থা মেনে নেয়া যায় না।
বর্ষা আরও লেখেন, জানি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে! কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন।
ব্যক্তিজীবনে একজন মা হিসেবে এ অভিনেত্রী বলেন, একটা মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি। আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আমি আরিজ, আবরারকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন আমিন।
এরপরই রাষ্ট্রের প্রতি অনুরোধ করে বর্ষা বলেন, এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই, শুধু ক্ষেত আর পানি থাকবে। দেশে জায়গার অভাব নেই কিন্তু মানুষ, একটা মানুষের জীবনের অনেক অভাব। ঢাকা শহরে কীভাবে এ ধরনের প্রশিক্ষণ করা হচ্ছে চিন্তা করা যায়?
ক্ষোভ প্রকাশ করে এ চিত্রনায়িকা বলেন, কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? চোখ বন্ধ নয় খোলা রাখুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমিন।








