ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ইঞ্জিন জটিলতার কারণে ভারতের পাটনায় বোয়িং ৭৩৭ এর জরুরি অবতরণ করতে হয়েছে। পরে বিমানবন্দরের স্থানীয় ইঞ্জিনিয়ারদের সহায়তায় এয়ারক্রাফটটি মেরামত করে কাঠমান্ডু ঘুরে ঢাকায় অবতরণ করেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বোয়িং এর ৭৩৭।
জানা যায়, ঢাকা থেকে কাঠমান্ডুগামী বোয়িং ৭৩৭ এর ফ্লাইট নম্বর ‘বিজি৩৭১’ ভারতের পাটনায় জরুরী অবতরণ করে। পরে পাটনা বিমানবন্দরের স্থানীয় ইঞ্জিনিয়ারদের সহায়তায় এয়ারক্রাফটি মেরামত করা হয়। নির্ধারিত সময়ের প্রায় ৫ ঘণ্টা পর ফ্লাইটটি বিকেল ৫টায় কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছে।
ওই সময় ফ্লাইটে যাত্রী ছিল ৮০ জন এবং ক্রু ছিল ছয়জন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এয়ারক্রাফটটি কাঠমান্ডু থেকে ফিরতি ফ্লাইটে ১৫৯ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বলে জানা যায়।







