ভারতের হরিয়ানায় মডেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকার একটি নালা থেকে শীতল নামে ওই মডেলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মডেলের গলা কাটা ছিল। তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই জানা যাচ্ছে। হরিয়ানার এই মডেল সিম্মি চৌধুরী নামেও পরিচিত।
শীতলের বোন নেহা থানায় একটি অভিযোগ দায়ের করে জানান, ২৩ বছর বয়সী শীতল নামের ওই মডেল মিউজিক ভিডিওর শুটিং করতে ১৪ জুন আহার গ্রামে গিয়েছিলেন। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। শেষমেশ রবিবার শীতলের দেহ উদ্ধার করে পুলিশ।
মডেলের দেহ ময়নাতদন্তের জন্য এক সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তাও খতিয়ে দেখছে পুলিশ।
গেল সপ্তাহে আরও এক নেটপ্রভাবী কমল কৌরের দেহ উদ্ধার করেছিলেন পুলিশ। পাঞ্জাবের গাড়ির পার্কিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল তার দেহ। পর পর এমন ঘটনা ঘটায়, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।








