গাজীপুরে একটি পাঁচতলা ভবন থেকে স্বামী-স্ত্রীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ি বাইপাইল এলাকার ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। স্ত্রী মারা গেছেন এবং স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
স্বামী-স্ত্রীরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে এমরান হোসেন (৪০) ও তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ধারণা করা হচ্ছে, ওই দম্পতির মধ্যে কোন বিষয়ে মতবিরোধ হয়েছিল। এরই জের ধরে এমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রীকে হত্যা করে। পরে নিজেও ওই দা নিয়ে নিজের গলা কেটে ফেলে। এ ঘটনা তাদের ১৬ বছর বয়সী মেয়ে শারমিন দেখেছেন বলে জানিয়েছে। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়।
ওসি জানান, স্ত্রী মারা গেছেন। তবে স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








