রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকড় গ্রামে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া গেছে একটি চিরকুট, যেখানে ঋণের চাপের কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ ১৫ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন—মিনারুল ইসলাম (৩০), তাঁর স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং দেড় বছরের কন্যা মিথিলা। মাহিম স্থানীয় খড়খড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনাস্থলে পাওয়া চিরকুটে পরিবারের আর্থিক সংকট এবং ঋণের চাপের কথা লেখা আছে। স্থানীয় বাসিন্দারা জানান, মিনারুল কৃষিকাজ করতেন এবং সম্প্রতি কিছু আর্থিক সমস্যায় ভুগছিলেন বলে শোনা যাচ্ছিল। তাদের মতে, মিনারুলের কাছে অনেকেই টাকা পেতেন, যা হয়তো তার মানসিক চাপ বাড়িয়ে তোলে।
চারটি মরদেহই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।








