চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তার মনোনয়নপত্র সংক্রান্ত চলমান আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলের চূড়ান্ত ঘোষণা স্থগিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি ব্যাংকের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত এই নির্দেশনা দেন।
শুনানিকালে আসলাম চৌধুরীর পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু এবং অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়।


