বিএনপি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য হাজারো তদবির করেও ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি বিদেশিদের সাথে লবিং করেও ব্যর্থ। একের পর এক বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে এসেছেন এবং সরকারের সাথে মতবিনিময় করেছেন, কিন্তু তারা বিএনপির সাথে কোনো বৈঠক করেনি।
এমন উদাহরণ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, কূটনীতিকরা বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচক বৈঠক করেছে, আর বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে। এখন ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখা আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এলাকায় ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।
এসময় তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপির স্লো-মোশনে পদযাত্রা, শর্ট মার্চ থেকে লংমার্চ সবই ভুয়া।
ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়া লুটপাটের রাজা ও সন্ত্রাসের সর্বোচ্চ অবস্থানকারী। হাওয়া ভবনকে খাওয়া ভবন বানিয়ে লুটপাট করেছে বিএনপি। এদের কাছে জনগণ, গণতন্ত্র নিরাপদ নয়।
‘শেখ হাসিনার পরিবার সাধারণ জীবনযাপন করেন। নিজের ভাগ্য নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তিনি। ঢাকা কিংবা পুরো বাংলাদেশে কতটা পরিবর্তন তা দৃশ্যমান। যেদিকে দেখা যায় উন্নয়ন আর উন্নয়ন। বিশ্ব সংকটেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উপর নির্ভর করে। শেখ হাসিনার সরকারের উন্নয়নে খুশি জনগণ, মন খারাপ শুধু বিএনপির’, বলেন ওবায়দুল কাদের।
তিনি জানান, বাংলাদেশ সরকারের সফলতা বঙ্গবন্ধু স্যাটেলাইট, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, রামপালের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র। একদিনে ১০০ সেতুর উদ্বোধন কেবল শেখ হাসিনা সরকারের দ্বারাই সম্ভব।








