ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার ১০ এপ্রিল। সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার ৯ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একই সময় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি জমাও দেওয়া যাবে। ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফশিল ঘোষণা করেন।
ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল, আর তা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন এবং একটি আসন রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। মোট আসন সংখ্যা ৫০টি।







