কিছুদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে জিতেছেন সাইফুর রহমান মনি। বাফুফের টাই হওয়া নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে ফুটবলার্স অ্যাসোসিয়েশন অব বিকেএসপি (ফ্যাব)।
রাজধানী গুলশানের একটি অভিজাত হোটেলে সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি। একঝাঁক সাবেক ফুটবলারের উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণিল হয়ে ওঠে।
অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবল অঙ্গনের পরিচিত মুখ ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ আহমেদ নকিব, ইকবাল আহমেদ, গোলাম গাউস, মন্জরুল করিম, মাসুদ রানা, স্বপন, ইমদাদুল হক খান, জাকির, জালাল, রিয়াদ মাহমুদ, এমিলি মামুনুল ইসলামসহ আরও অনেকে ছিলেন।
বিভিন্ন ফুটবল ক্লাবের সংগঠক হিলটন, মনজুরুল করিম, শাহিন, সেবহান,হান্নু, ফরুক, মন্জু উপস্থিত ছিলেন। আগামীতে ফুটবল নিয়ে সারাদেশ ফুটবল ফেডারেশন, ক্লাব ও ফ্যাব যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাবের সভাপতি জনাব জসিম উদ্দিন।
গত অক্টোবরে অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে মনিকে কঠিন পরীক্ষা দিতে হয়। তিনি ও মো. এখলাছ উদ্দীন সমান ৬১টি করে ভোট পেয়ে ১৫তম সদস্য হওয়ার জন্য অপেক্ষায় থাকেন। গত ৩০ নভেম্বর দুজনের মধ্যে পুনঃভোট হয়। এতে এখলাছ উদ্দীনকে ৫৬-৫১ ভোটে হারান মনি।








