সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় পেশাদার সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসির নির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ২৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত ট্রাস্টি সভায় জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ মেয়াদের নির্বাহী পর্ষদ গঠন করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন।
তিনি জানান, বিজেসির নবনির্বাচিত নির্বাহী পর্ষদে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন- বোরহানুল হক সম্রাট, শাহনাজ শারমীন, তারিকুল ইসলাম মাসুম, পারভেজ নাদির রেজা, মিলটন আনোয়ার, ওমর ফারুক, রিজভী নেওয়াজ, মাহফুজ রহমান মিশু, শহীদ ইসলাম, শামসুল হুদা, সাইফুল শাহিন, মো. আব্দুল্লাহ (আব্দুল্লাহ তুহিন), নায়লা পিয়া, মাহবুব জুয়েল ও অন্তরা বিশ্বাস।
এছাড়া বিজেসির পক্ষ থেকে নবনির্বাচিত নির্বাহী সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্ব সম্প্রচার সাংবাদিকতার জগতে ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।
এই সভায় জানানো হয়, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সাংবাদিকদের অধিকার, দক্ষতা ও পেশাগত মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং এই নতুন নেতৃত্বের মাধ্যমে সে প্রয়াস আরও সুদৃঢ় হবে বলে বিজেসি বিশ্বাস করে।








