সেইফ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার (সোয়ান) এর ‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেলেন পরিবেশ-প্রকৃতি বিষয়ক সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের মৌলভীবাজারের ‘ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট’ হিসেবে কাজ করছেন।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান অডিটোরিয়ামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসাইন তার হাতে এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন বলেন, প্রকৃতি ও বন্যপ্রাণী আমাদের দেশের অতি মূল্যবান সম্পদ। এই চেতনাটুকু বুকে ধারণ করে প্রকৃতি ও বন্যপ্রাণীদের অস্তিত্ব রক্ষায় আমাদেরকে নিজেদের অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাত, সোয়ানের প্রেসিডেন্ট আদনান আজাদ-সহ দেশের খ্যাতনামা বন্যপ্রাণী আলোকচিত্রী এবং প্রাণী-গবেষক, প্রাণী-স্বেচ্ছাসেবী।
জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রথম ‘আরবান বার্ড রেস-২০২৫’ প্রতিযোগিতার সফল আয়োজন করা হয়। শুধু বার্ড রেসে বিজয়ীদের পুরস্কার দেয়াই নয়, সেইফ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার (সোয়ান) এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, দেশের বন-প্রকৃতি ও প্রাণী রক্ষায় নিবেদিত কিছু নির্বাচিত মানুষজনকে।
পুরস্কার ও সম্মাননাপ্রাপ্তরা হলেন: ‘তানিয়া খান মেমোরিয়াল ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার’ পুরস্কার জিতেছেন মাহমুদুল বারী, ‘ড. আনিসুজ্জামান মেমোরিয়াল ওয়াইল্ডলাইফ এনথুসিয়াস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন আশিকুর রহমান সমী, সেরা ‘ওয়াইল্ডলাইফ অর্গানাইজেশন অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে সেভ দ্য নেচার অফ বাংলাদেশ সংস্থা, সেরা ‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ‘মাদার অফ এনিমেল কেয়ার’ এওয়ার্ড পেয়েছেন নায়লা নাঈম, ‘বেস্ট ওয়াইল্ডলাইফ ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন ডগো সেজ।
‘বছরের সেরা ওয়াইল্ডলাইফ কনজারভেটর’ সম্মাননা পেয়েছেন নিগার সুলতানা। জাতীয় উদ্ভিদ উদ্যানের পক্ষে ‘বেস্ট আরবান বার্ড স্যাংচুয়ারি এওয়ার্ড’ সম্মাননা গ্রহণ করেছেন শওকত ইমরান আরাফত, ‘অ্যাম্বাসেডর অফ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি’ সম্মাননা পেয়েছেন সোফিয়া জামান, ‘বেস্ট অথর অন ওয়াইল্ডলাইফ’ সম্মাননা পেয়েছেন ফরিদী নুমান।
এছাড়াও ‘বেস্ট রেস্কিউয়ার’ হিসেবে কামরুন নাহার কণা, ‘বেস্ট সোয়ান ইউনিট’ হিসেবে রাজশাহী ইউনিট, ‘অ্যানিম্যাল-সেইভার’ হিসেবে রকের নেতৃত্বে সোয়ান এর মিশন সেন্টমার্টিন সদস্যদের সম্মাননা দেন সোয়ান এর প্রেসিডেন্ট আদনান আজাদ। দেশের প্রাণ-প্রকৃতি ও পরিবেশের স্বার্থে দলমত-ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসার এবং প্রকৃতি রক্ষায় জনসচেতনতার ব্যাপারে অনুষ্ঠানে বক্তারা গুরুত্ব আরোপ করেন।







