প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর বুধবার ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর পুনরুজ্জীবন এবং আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা বাংলাদেশকে সার্ক ও আসিয়ানের মধ্যে একটি প্রধান সেতুবন্ধন হিসেবে দেখতে চাই। আসিয়ানের সাথে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য আমাদের আবেদন পূর্ণ সদস্যপদের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন অতুলনীয়।
প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ১২ কোটি ভোটারের জন্য অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, গত ১৫ বছর ধরে আমাদের মানুষ একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত রয়েছে। এখন তারা ফেব্রুয়ারির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদ’ স্বাক্ষরের পথে রয়েছে, যা গভীর রাজনৈতিক সংস্কারের রূপরেখা হিসেবে গণ্য হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার অন্তর্বতী সরকারের শীর্ষ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন, বিচার আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রুশ-ুইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জাতিসংঘ সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল পরিবর্তনশীল। জাতিসংঘকে শক্তিশালী করতে হবে।
উভয় নেতা দীর্ঘমেয়াদি রোহিঙ্গা সংকট ও বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা আঞ্চলিক সংযোগ ও বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব বিশেষ করে নেপাল ও ভুটানসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে প্রবেশাধিকারের সুবিধা প্রদান বিষয়েও আলোচনা করেন।








