দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৮ মার্চ) ঘোষণা করেছে, ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট বা সবচেয়ে ভালো মানের স্বর্ণের (প্রতি ১১.৬৬৪ গ্রাম) নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।
বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। দাম কমানোর সিদ্ধান্ত স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দর কমার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।
নতুন দামের ভিত্তিতে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ২০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৩২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারিত হয়েছে।
বিশ্ব বাজারে স্বর্ণের দাম ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের উত্তেজনার কারণে চলতি মাসের শুরুতে ঊর্ধ্বমুখী ছিল। তবে পরবর্তীতে দর সমন্বয়ের ফলে এখন স্বর্ণের বাজারে দরপতন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৮৫৩ ডলার, যা গতকালের তুলনায় কম। জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছেছিল।








