টানা দুই দফা দাম বাড়ার পর দেশের স্বর্ণবাজারে বড় ধরনের পতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক ধাক্কায় ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছে।
আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।








