নেপালে গতবছর লাল-সবুজের বিজয় কেতন উড়িয়ে মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দেশকে সাফল্য এনে দেয়া বীরকন্যারা পরে ১০ মাস খেলতে পারেনি আন্তর্জাতিক ম্যাচ। মাঠের পারফরম্যান্সেও পড়েছে যার প্রভাব। সেই নেপালের কাছে কদিন আগে ঘরের মাঠে দুই ম্যাচের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজে হেরেছে সাবিনা খাতুনের দল।
জাতীয় নারী দলের সাবেক প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরের ঘটনা প্রবাহকে মাঠের মলিন পারফরম্যান্সের জন্য দায়ী করলেন। শুধুমাত্র লম্বা সময় না খেলাকে কারণ হিসেবে দেখতে নারাজ দেশের অন্যতম সফল এ কোচ।
চ্যানেল আই অনলাইনের সাথে একান্ত আলাপনে ছোটন বললেন, ‘দীর্ঘ সময় না খেলা ও সাফ জয়ের পর ১০ মাসের ঘটনাপ্রবাহ, আমার চলে আসা, এসব ঘটনাপ্রবাহে নেপালের বিপক্ষে পারফরম্যান্সে প্রভাব পড়েছে।’
ফেব্রুয়ারির ১৩ থেকে ২৫ তারিখের মধ্যে ফিফা উইন্ডোতে ফুটবল কন্যাদের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি ছিল। লাল-সবুজ জার্সিতে সাবিনা-মারিয়াদের মাঠে নামাই হয়নি সেসময়। বছরের প্রথম উইন্ডোতেই খেলার সুযোগটা হাতছাড়া করে বাফুফে।
দেশকে সাফল্য এনে দেয়া ফুটবলাররা বাফুফের কাছে নিজেদের কয়েকটি দাবি তুলে ধরেছিলেন। একপর্যায়ে দাবি আদায়ের অংশ হিসেবে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা অনুশীলনও বন্ধ করে দিয়েছিলেন।
গত এপ্রিলে প্যারিস অলিম্পিকের জন্য মেয়েদের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে খেলার কথা ছিল। আর্থিক সংকটের কারণ দেখিয়ে দল পাঠায়নি বাফুফে। কিছুদিন পর সাফজয়ী দলের ১৯ বর্ষী স্ট্রাইকার আনুচিং মগিনি অবসরে যান। তারপর অবসর নেন সাফজয়ী দলের আরেকজন, ২০ বর্ষী ফরোয়ার্ড সাজেদা খাতুন। তারা অবশ্য ক্যাম্প থেকে বাদও পড়েছিলেন।
গত ২৬মে সাফ চ্যাম্পিয়ন দলের ২২ বর্ষী ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না হঠাৎ অবসরের কথা জানান ফেসবুক পোস্টে। এরপর চীনের একটি একাডেমিতে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য ফুটবল ক্যাম্প ছাড়ার কথা জানান ডিফেন্ডার আঁখি খাতুন।
গত ২৯মে মেয়েদের জাতীয় নারী দল ও সকল বয়সভিত্তিক দলের প্রধান কোচের পদ থেকে ছোটন পদত্যাগ করেন। বাফুফেতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। এসকল ঘটনাপ্রবাহ স্বাভাবিকভাবেই ফুটবলারদের উপর প্রভাব ফেলেছে।
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর কোচের দায়িত্ব নেন ৫৫ বর্ষী কোচ ছোটন। নিজের বর্তমান দায়িত্ব প্রসঙ্গে বললেন, ‘আমি রিল্যাক্স সময় পার করছি। সকাল ৭টা থেকে ৯টা, আর দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন করাই। তার আগে একমাস বিশ্রাম নিলাম। পরিবারকে সময় দিলাম। এখন সময়টা উপভোগ করছি।’
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আবারও মেয়েদের কোচের দায়িত্বে ফেরার অনুরোধ করেছিলেন, জানালেন ছোটন। একইসঙ্গে পরিষ্কার বলে দিলেন, ‘বাফুফের ডাকে আর যাওয়ার ইচ্ছা নেই।’
দেশের ফুটবল কাঠামোর প্রতি অসন্তোষ জানিয়ে পদ ছেড়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিও। ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানের সঙ্গে ছোটনের সঙ্গে দ্বন্দ্ব ছিল, এমন কথা বাতাসে ঘুরে বেড়ালেও সাফজয়ী কোচ বললেন, ‘স্মলিকে নিয়ে কিছুই বলার নেই। আমি নিজের ইচ্ছায় বের হয়েছি।’
অনেক বছর ধরে মেয়েদের কোচিং করানোয় তাদের সঙ্গে তৈরি হয়েছে আত্মিক সম্পর্ক। এখনো সবার সঙ্গেই রয়েছে ছোটনের যোগাযোগ। অভিভাবকতুল্য কোচকে সবাই ফিরতেও বলেছিলেন। তাতেও সিদ্ধান্ত থেকে নড়েননি, জানালেন ছোটন।
আগামী ২০ সেপ্টেম্বর চীনের হ্যাংজুতে শুরু হবে এশিয়ান গেমসের ১৯তম আসর। ছেলেদের শীর্ষস্তরে দায়িত্ব পালন করা সাইফুল বারী টিটুকে এ আসরে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বরে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্ব। নেপালের বিপক্ষে দুটি ম্যাচে সাবিনাদের ডাগআউটে থাকা মাহবুবুর রহমান লিটু বয়সভিত্তিক দল সামলাবেন।
দায়িত্ব পাওয়া দুই কোচের প্রতি শুভ কামনা জানিয়ে ছোটন বললেন, ‘তারা ভালো কোচ। আশা করি ভালো করবে।’







