প্যারিস অলিম্পিকে একটার একটা নাশকতা ঘটেই চলেছে। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে রেল লাইনে আগুন লাগিয়ে ট্রেন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলো নাশকতাকারীরা। এতে প্যারিসের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল যোগাযোগ।
এই ঘটনার রেশ কাটতে না কাটতে ইন্টারনেট এবং ফোন যোগাযোগ ব্যবস্থার তার কেটে ফেলা হয়েছে। এর ফলে ফ্রান্সের একাংশে মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ফ্রান্সের পুলিশ।
সোমবার (২৯ জুলাই) নিউইয়ার্ক পোস্ট এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ফ্রান্সের ডিজিটাল অ্যাফেয়ার বিভাগের সচিব মারিনা ফেরারি জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বিপর্যন্ত ছিল। প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের মোবাইল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। যদিও দ্রুত সেই সমস্যা সমাধান করা হয়েছে বলে জানান তিনি।
ফরাসি পুলিশ থেকে জানানো হয়, ইন্টারনেট এবং ফোন যোগাযোগ ব্যবস্থার তার কেটে ফেলার ঘটনায় অন্তত ছটি দপ্তরের কাজ ব্যাহত হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি অতি বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং একটি অতি বাম দলের সঙ্গেও যুক্ত তিনি।
এবার ফ্রান্সের অলিম্পিক ঘিরে নানা অঘটনের জন্ম দিয়েছে। উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে রেল যোগাযোগ ব্যবস্থায় আগুন ধরিয়ে রেল নেটওয়ার্ক বিকল করে দেওয়া হয়। অলিম্পিকের দ্বিতীয় দিনে ফ্রান্সের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জানা গেল ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা।








