রিয়াল মাদ্রিদে ১৪ বছর কাটিয়ে সৌদি প্রো লিগের আল ইত্তিহাদে নাম লিখিয়েছিলেন করিম বেনজেমা। সাত মাস না যেতেই আলোচনায় আসে ক্লাবটির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের কথা। কানাঘুষা চলছিল, আল ইত্তিহাদ ছেড়ে আবারো রিয়ালেই ফিরবেন এ ফরাসি তারকা। তবে লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, এমন খবর মিথ্যা।
২০২৩ সালের জুনে আল ইত্তিহাদে যোগ দেন ৩৬ বর্ষী বেনজেমা। বছরে ৮৮ মিলিয়ন পাউন্ডে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী। সেই হিসাবে ক্লাবটির সঙ্গে এখনো প্রায় আড়াই বছর চুক্তির মেয়াদ রয়েছে।
এর মাঝেই আলোচনা, বেনজেমাকে নতুন করে দলে টানতে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে সুপারিশ করেছেন আনচেলত্তি। তবে ইতালিয়ান কোচ এমন খবর উড়িয়ে দিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটি মিথ্যা। ক্লাবের সঙ্গে এই বিষয়ে কোনো কথাই হয়নি।’
সৌদি লিগে মাঠে অবশ্য সময়টা বেনজেমা ও তার দল আল ইত্তিহাদের ভালো যাচ্ছে না। ১৮ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়নরা আছে ৭ নম্বরে। আর লিগে এখন পর্যন্ত বেনজেমা গোল করেছেন ৯টি। আল তাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ৮ ফেব্রুয়ারি ফের লিগের যাত্রা শুরু করবে আল ইত্তিহাদ।
পর্তুগজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের দল আল নাসেরে যোগ দেয়ার পর নেইমার, বেনজেমা, সাদিও মানে, জর্ডান হেন্ডারসনসহ আরও অনেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমান।








