ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা মানেই যেন ছিপছিপে চেহারা ও আকর্ষণীয় ফিগারের অধিকারী। তবে সবার ফিটনেস যে একই রকম এমনটাও কিন্তু না। চরিত্রের প্রয়োজনে অনেককেই যেমন ওজন বাড়াতে হয়, তেমনি চরিত্রের প্রয়োজনেই আবার জিরো-ফিগারেও আসতে হয়। সেই ফিটনেস ধরে রাখা প্রসঙ্গ টেনেই এবার ‘দ্য ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালানকে তীর্যক মন্তব্য করলেন কারিনা কাপুর খান।
এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘‘চেহারা ভারী হয়ে গেলে মোটেই আকর্ষণীয় লাগে না দেখতে। যদি কোন মহিলা বলে থাকেন যে, তিনি রোগা হতে চান না, তাহলে সে মিথ্যা বলছেন। সব মহিলারই স্বপ্ন রোগা হওয়া। আজকাল কিছু নায়িকা হয়তো অন্য ভাবে ভাবেন, তবে আমি কখনোই চাইব না যে আমার চেহারা ভারী হয়ে যাক।’’
যদিও কারিনা বিদ্যার নাম নেননি, তবে তার উদ্দেশেই যে এই তির্যক মন্তব্য করেছেন কারিনা, তা স্পষ্ট। শুধু তা-ই নয় এর আগে ‘কফি উইথ করণ’-এ কারিনাকে প্রশ্ন করা হয়, যদি কোন দিন ঘুম থেকে উঠে তিনি দেখেন যে তিনি বিদ্যা বালান হয়ে গিয়েছেন, তা হলে কেমন লাগবে তার?
এই প্রশ্নের উত্তরে কারিনা বলেন, ‘‘আই উড ফিল ডার্টি!’’ অর্থাৎ, ‘‘আমার নিজেকেই নোংরা লাগবে।’’ কারিনার সঙ্গে এই বিষয় নিয়ে বাগ্বিতণ্ডায় না জড়ালেও ঘুরপথে তাকে সপাট জবাবও দিয়েছিলেন বিদ্যা।
কারিনার মন্তব্যের ভিত্তিতে প্রশ্ন করা হলে বিদ্যা বলেন, ‘‘নিশ্চয়ই ‘দ্য ডার্টি পিকচার’-এর থেকে বেশি নোংরা লাগবে না! কেউ একজন ‘হিরোইন’ বানাতেই পারেন, তবে ‘দ্য ডার্টি পিকচার’ আর কেউ বানাতে পারবেন না।’’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








