২০০৯ সালে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
শুক্রবার ৯ আগস্ট দুপুরে শাহবাগে মানববন্ধনে এই দাবি জানান তারা।
মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, সেনাবাহিনী ও বিডিআরের সদস্যদের হত্যা ছাড়াও ক্ষমতায় আঁকড়ে থাকতে পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেয়া হয়েছে। সকল প্রাপ্য অধিকার ফেরতের পাশাপাশি চাকরিতে পুনর্বহালের দাবি জানান বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা।
বক্তারা বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী-জনতা, নারী-শিশুদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও বিডিআরের (বিজিবি) ভাইদের হত্যা ছাড়াও ক্ষমতায় আঁকড়ে থাকতে রাষ্ট্রের নাগরিক ও সমাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেয়া হয়েছে। আমরা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে মিথ্যা সাক্ষী না দেওয়ায় ও চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর (বিজিবি) সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।








