খেলা সম্প্রচারে জটিলতা দূর করতে নিজস্ব টেলিভিশন চ্যানেল আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম বিসিবি টিভি। অনুমোদনের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার বিসিবির কার্যনির্বাহী কমিটির অষ্টম সভা শেষে নাজমুল হাসান বলেন, ‘আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে, বিপিএলের সময়, আমাদের এখান থেকে কেউ (সম্প্রচার স্বত্ব কেনার বিডিংয়ে) অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ অ্যাওয়ে সিরিজ সম্প্রচার করেনি বাংলাদেশি কোনো চ্যানেল। পরে আইসিসি টিভির মাধ্যমে বাংলাদেশি সমর্থকরা খেলা দেখার সুযোগ পান।
বিসিবি প্রধান বলেন, ‘এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যে সমস্ত খেলাগুলো দেখায় শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, সাউথ আফ্রিকা; ওই সমস্ত (ফ্র্যাঞ্চাইজি) লিগগুলো দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই আমাদের কাছে মনে হয়েছে এভাবে বসে থাকা যায় না। আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করবো। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করবো। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়ে যাবো।’
‘পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারবো।’ -বলেন নাজমুল হাসান।