চট্টগ্রামে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নেই লিটন দাস। টসের পর জানা যায় তিনি অসুস্থ। মূলত জ্বরের কারণে ৩০ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটারের খেলা হয়নি।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, লিটনের শরীরে ভাইরাল জ্বরের লক্ষণ রয়েছে। তাই এই টেস্টে তার নামার সুযোগ নেই। এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামতে পারবেন না তিনি।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিবৃতিতে লিটনের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন, ‘২৮ অক্টোবর (সোমবার) সন্ধ্যা থেকেই সে উচ্চমাত্রার জ্বরে ভুগছে। সকালে পরীক্ষার পর নিশ্চিত হয়েছিল, ওর ভাইরাল জ্বর হয়েছে। বর্তমানে হোটেল কক্ষে আইসোলেশনে আছে। শরীরে ব্যথা, দুর্বলতা, কাশিও আছে। যদিও সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা কমেছে।’








