টি-টুয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। সাম্প্রতিক সময়ে সংকট কাটিয়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখার জন্য আইসিসির প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি।
বিবৃতিতে বিসিবি বলেছে, ‘সাম্প্রতিক সংকট কাটিয়ে ওঠার প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি আন্তরিক ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে বিসিবি। পুরো এই সময়টায় পিসিবি অনুকরণীয় স্পোর্টসম্যানশিপ এবং সংহতি প্রদর্শন করেছে।’
পাকিস্তানের বোর্ডকে ভারতের সঙ্গে আগামী রোববারের ম্যাচটি খেলতে অনুরোধ জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশকে সমর্থন করার জন্য পাকিস্তানের অভাবনীয় প্রচেষ্টায় আমরা গভীরভাবে অভিভূত। আমাদের এই ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক। গতকাল (রোববার) আমার সংক্ষিপ্ত পাকিস্তান সফরের পর এবং আমাদের আলোচনার আসন্ন ফলাফলের প্রেক্ষিতে, আমি পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলার জন্য অনুরোধ করছি।’
টি-টুয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা সংকটের কারণে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার অনুরোধ জানিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসি অনুরোধ আমলে না নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করে আসরে। আইসিসির এমন আচরণ বিসিবির প্রতি ‘অন্যায়’ করা হয়েছে দাবি করে আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা দেয় পাকিস্তান।
গুরুত্বপূর্ণ এই ম্যাচটি যেন পাকিস্তান খেলে, এ নিয়ে আলোচনা করতে গতকাল পাকিস্তান যান আইসিসির প্রতিনিধিরা। সেই বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামও। সোমবার সন্ধ্যায় দেশে আমিনুল ইসলাম দেশে ফেরেন। এরপর রাতে এই বিবৃতি দেয় বিসিবি।








