বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষে শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এছাড়া সহ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মানুন-অর-রশীদকেও অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।
জানা যায়, অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন পদত্যাগ না করায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এছাড়া উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনের সময় পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে এরপরও আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।








