যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ হওয়ার কথা বেশ কয়েকবার উঠলেও বাস্তবায়ন করতে পারেনি লিগা কর্তৃপক্ষ। ২০১৯ সালে অনুমোদন চাওয়া হলে স্পেন ফুটবলারদের বিরোধিতায় পরিকল্পনা থেকে সরে আসতে হয়। এবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আসছে মৌসুমে মিয়ামিতে একটি লিগ ম্যাচ খেলার জন্য বার্সা ও ভিয়ারিয়ালের আবেদনে অনুমোদন দিয়েছে।
বার্সা আগে থেকেই লিগের একটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলার সম্মতি দিয়েছিল। সোমবার ফেডারেশনের সভায় ভিয়ারিয়াল ও বার্সার পক্ষ থেকে ম্যাচটি যুক্তরাষ্ট্রে খেলার আবেদনের কথা আবার ওঠে। নির্বাহীরা বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিলেন। পরে জানানো হয়, প্রথমবার বিদেশে স্প্যানিশ প্রথম বিভাগের লিগের খেলা অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়ার প্রথমধাপ এগিয়েছে।
বার্সেলোনা এবং ভিয়ারিয়াল লিগের ১৭তম দিনের ম্যাচটি ভিয়ারিয়ালের মাঠের পরিবর্তে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের ক্লাব ইন্টার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলার জন্য আবেদন জানিয়েছে। ম্যাচটি এবছরের ২০ ডিসেম্বর হাওয়ার কথা। ফিফার আন্তর্জাতিক খেলার নিয়মাবলী মেনে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের অনুমোদন দেবে স্প্যানিশ কর্তৃপক্ষ। মিয়ামিতে খেলার জন্য ফিফার নিয়মাবলী মেনে নেয়ার আগে উয়েফার কাছে আবেদন পাঠাবে স্প্যানিশ ফেডারেশন।
২০২৪ সালে ফিফা বিদেশে প্রতিযোগিতামূলক ঘরোয়া ম্যাচ খেলার বিষয় বিশ্লেষণ করার জন্য একটি কমিটি গঠন করেছে। গতবছর থেকেই লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বিদেশে ঘরোয়া ম্যাচ খেলার ইচ্ছা জানিয়ে চলেছেন।
ইতালির ফুটবল ফেডারেশন এবছরের জুলাইতে এসি মিলান এবং কোমোর মধ্যকার সিরি আর একটি ম্যাচ অস্ট্রেলিয়ায় খেলার অনুমোদন চেয়েছে। স্পেনের সুপার কোপা বিদেশে হচ্ছে বেশ আগে থেকেই। স্প্যানিশ কর্তৃপক্ষ ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত সৌদি আরবে প্রতিযোগিতাটি আয়োজন করেছে।








