স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা দীর্ঘদিন ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলেনি। স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য অন্য ভেন্যুকে বেছে নিয়েছিল। আবারও ন্যু ক্যাম্পে ফেরার পালা কাতালানদের। ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে স্পটিফাই ন্যু ক্যাম্পে ফিরবে বার্সা।
কাতালুনিয়ান ক্লাবটি ২০২৩ সালের মে থেকে আইকনিক মাঠটিতে আর খেলেনি। সেসময় কোচ ছিলেন স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। পরে দায়িত্ব নেন হ্যান্সি ফ্লিক। তিনি এ মৌসুমে লিগ শিরোপা ফিরিয়ে এনেছেন।
বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, স্টেডিয়ামের বিভিন্ন স্থানে নির্মাণ কাজ চলাকালীন বার্সা ফিরে আসবে। বাকি কাজগুলোর মধ্যে রয়েছে তৃতীয় স্তরের কাজ সম্পন্ন করা, দ্বৈত ভিআইপি রিং, ছাদ স্থাপন এবং বিভিন্ন অভ্যন্তরীণ স্থানের চূড়ান্ত কাজের পাশাপাশি স্টেডিয়াম এলাকার উন্নয়ন।’
‘এ সময়কালে ক্লাবটি ন্যু ক্যাম্পে সদস্য, ভক্ত এবং দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ স্বস্তি নিশ্চিত করার চেষ্টা করবে। সর্বোত্তম অভিজ্ঞতা প্রদানের জন্য সুযোগ এবং পরিষেবাগুলোকে অভিযোজিত করার সুবিধা প্রদান করবে।’







