দীর্ঘ ৪০ বছরের ফিল্ম ক্যারিয়ারে ‘গদর ২’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বিপুল সাড়া পেয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। তবে সেই সাফল্যের মাঝেই রবিবার (২০ আগস্ট) প্রকাশ্যে আসে এক দুশ্চিন্তার খবর। জানা যায়, সানি দেওলের জুহুর বাংলো ‘সানি ভিলা’ নাকি নিলামে উঠতে চলেছে!
মূলত ব্যাংক অব বারোদা থেকে এই নোটিশ পাঠানো হয়েছে সানি দেওলকে। কারণ সানির ৫৫ কোটিরও বেশি টাকা দেনা সেই ব্যাংকে। কিন্তু নোটিশ জারির এক দিনের মাথাই সোমবার (২১ আগস্ট) সংশোধনী জারি করে ‘সানি ভিলা’ নিলামের সেই নোটিস প্রত্যাহার করে নিল উক্ত ব্যাংক।
এদিন একটি সংশোধনী জারি করে ‘সানি ভিলা’ নিলামের নোটিশ প্রত্যাহারের বিবৃতি দেয় সংশ্লিষ্ট ব্যাংকটি। নোটিশ প্রত্যাহারের নেপথ্যে অনিবার্য কিছু কারণ রয়েছে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। তবে কী কারণে এই নোটিশ প্রত্যাহার করা হয়েছে তা স্পষ্ট করেনি ব্যাংক কর্তৃপক্ষ।
রবিবার ব্যাংক অব বারোদা কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছিল, ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য একটি ই-নিলামের মাধ্যমে ৫৬ কোটি রুপি পুনরুদ্ধারের জন্য সানির সম্পত্তি ব্লকে রাখা হয়েছে। কেননা গত বছরের ডিসেম্বর থেকে ব্যাংক অব বারোদার কাছে ৫৫ কোটি ৯৯ লাখ রুপির ঋণখেলাপি ছিলেন সানি।
যদিও এই খবর প্রকাশ্যে আসার পর সানির মুখপাত্রের দাবি করেন, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নাকি সমস্যা সমাধানের প্রক্রিয়াতে রয়েছেন অভিনেতা। যার প্রেক্ষিতে নাকি সানিকে আরও এক মাস সময়ও দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। সেই সময়ের মধ্যে ঋণ শোধ করতে পারলে ‘সানি ভিলা’র নিলাম রুখবে এই ব্যাংক।
এদিকে বক্স অফিসে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সানি দেওলের ছবি ‘গদর ২’। ইতোমধ্যেই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। যা ‘বাহুবলী ২’ ও ‘পাঠান’র মত ছবিকেও টেক্কা দিচ্ছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস








