মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ। প্রথমে মনিকা চাকমার গোলের পর দ্বিতীয় গোল করেন ঋতুপর্ণা চাকমা। ২-১ গোলের ব্যবধান ধরে রেখে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন অন্তর্বর্তীসরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন তিনি।
চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনাদের মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীসরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার বাফুফে ভবনে সাফজয়ী দলের সঙ্গে সাক্ষাত করবেন ক্রীড়া উপদেষ্টা।
বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে সাফজয়ী দল। সাবিনা-সানজিদাদের জন্য এবারও ছাদখোলা বাসে বরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে বিমানবন্দর থেকে মেয়েদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হবে।








